Sunday 23 August, 2026

For Advertisement

আবারও ইলিশ গেল ভারতে

28 October, 2021 9:04:25

২৫ দিন বন্ধ থাকার পর আবারও ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হলো। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়িয়ে আগামী ৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ৪০ মেট্রিক টন করে মোট ১১৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। গত ২২ সেপ্টেম্বর দূর্গাপুজার শুভেচ্ছা হিসেবে প্রথম দিন ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। ১২ দিনে (৩ অক্টোবর) পর্যন্ত মাত্র এক হাজার ১০৮ মেট্রিক ২৮০ কেজি ইলিশ রপ্তানি করা হয়।

ইলিশ রপ্তানিকারকদের অনুরোধে মঙ্গলবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে ইলিশ রপ্তানির সময় ৫ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে এ নির্দেশনা দেওয়া হয়।

৪ থেকে ২৬ অক্টোবর দেশে ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিনের জন্য ইলিশ শিকার, পরিবহন ও বিক্রয় বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ সময় বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল।

এর আগে গত নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৪০ মেট্রিক টন করে মোট ১১৫টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গত ২৬ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে এ বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ হতে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে উক্ত প্রতিষ্ঠানগুলো অনুমোদনকৃত ইলিশ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি। এ বিবেচনায় অনুমোদনকৃত অবশিষ্ট ৩ হাজার ৪৯১ টন ৭২০ কেজি ইলিশ রপ্তানি আগামী ৫ নভেম্বর ২০২১ পর্যন্ত নির্দেশক্রমে বাড়ানো হয়েছে।

ইলিশ রপ্তানিকারক বিশ্বাস ট্রেডার্সের মালিক নূরুল আমিন বিশ্বাস বলেন, এবার পূজায় ভারতে চার হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার কথা ছিল। কিন্তু বাজারে ইলিশ সংকট থাকায় ও মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ থাকায় নির্ধারিত সময়ের মধ্যে ইলিশ মাছ রপ্তানি করা যায়নি। সে কারণে বাকী ইলিশ রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছেন। আগামী ৫ নভেস্বর পর্যন্ত ইলিশ মাছ রপ্তানি করা যাবে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ২৫ দিন বন্ধ থাকার পর ভারতে ইলিশ রপ্তানি আবার শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে গত ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত মোট ১ হাজার ১০৮ মেট্রিক টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ১৮ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore