Thursday 2 July, 2026

For Advertisement

শেরেবাংলা ১৪৮তম জন্মবার্ষিকী আজ

26 October, 2021 10:45:05

অবিসংবাদিত জাতীয় নেতা, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা ও উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী ২৬ অক্টোবর, মঙ্গলবার। ১৮৭৩ সালের এই দিনে ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইন সভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

শেরেবাংলা ছিলেন সাহসী, জনদরদি ও অসাধারণ বাগ্মী রাজনৈতিক নেতা। ১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক। ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন তিনি। প্রজাস্বত্ব কায়েম ও মহাজনি প্রথা উচ্ছেদের মাধ্যমে বাঙালি সমাজে সামন্ত যুগের পতনঘণ্টা বাজানোর ক্ষেত্রে তার অনন্যসাধারণ অবদান ছিল। ঋণ সালিশি বোর্ড গঠন করে ঋণে জর্জরিত কৃষক সমাজকে চরম ভোগান্তির হাত থেকে রক্ষা করেন। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

১৯৬২ সালের ২৭ এপ্রিল মারা যান তিনি।

শেরেবাংলার জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তারা মহান এই নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

এ ছাড়াও আওয়ামী লীগ, জাতীয় গণতান্ত্রিক লীগ ও শেরেবাংলা জাতীয় স্মৃতি সংসদসহ বিভিন্ন দল ও সংগঠন আজ নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে আছে- শেরেবাংলার মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং কোরআনখানি।

অপরদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে শেরেবাংলার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান জানিয়েছে বরিশাল বিভাগ সমিতি। সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজউদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক এমএ জলিল এই আহ্বান জানান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore