Thursday 19 November, 2026

For Advertisement

করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্তের হার ২.৮৮

6 October, 2021 6:34:32

দেশে গত এক দিনে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৭০৩ জন। আর সুস্থ হয়েছেন ৮১৭ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২.৮৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন, যাতে শনাক্তে মোট হার ১৫.৮১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৭ হাজার ৬৩৫ জনের।

এছাড়া গত এক দিনে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর এর ১০ দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম তিন মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান।

গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে। এই মাসে এক দিনে সর্বোচ্চ ২৬৪ জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও ১৫ হাজার ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটা জুড়েই করোনার প্রকোপ নিম্নমুখী রয়েছে।

এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহ শনাক্তের হার পাঁচ শতাংশের নিচে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যাবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore