Saturday 29 August, 2026

For Advertisement

সিএনজি ফিলিং স্টেশন বন্ধের সিদ্ধান্ত বদল

13 September, 2021 9:26:32

বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ারে) সিএনজি ফিলিং স্টেশন বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে এ বিষয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে কবে থেকে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে সিএনজি স্টেশন।

সোমবার বিকালে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুধবার থেকে প্রতিদিন বিকাল ৫টা-রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

এর কিছু সময় পর মন্ত্রণালয়ের পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএনজি স্টেশন বন্ধের বিষয়টি নিয়ে আগামীকাল মঙ্গলবার পেট্রোবাংলার কার্যালয়ে অংশীজনদের নিয়ে বৈঠক হবে। সেখানেই ঠিক হবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বন্ধের সময় উল্লেখ করে দেওয়া প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই অনুষ্ঠিত এক সভায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময়ে (পিক আওয়ারে) সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই সভার পরিপ্রেক্ষিতেই আগামী বুধবার থেকে দিনে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore