Thursday 2 July, 2026

For Advertisement

অর্ধেক বাস চলার সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে

11 August, 2021 5:42:41

বিধিনিষেধ শেষ হওয়ার পর পুরো যাত্রী নিয়ে অর্ধেক বাস চলাচলের যে সিদ্ধান্ত হয়েছে তা আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

বুধবার বিকালে ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত আগামীকাল থেকে আর থাকছে না জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, ‘আগামীকাল থেকে সব বাস চলবে। সেতু মন্ত্রণালয় থেকে কেবিনেটে এমন একটা প্রস্তাব গেছে বলে জেনেছি।’

এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত না এলে সেক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘না। সমস্যা হবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা চালাবো।’

অর্ধেক পরিবহন চলার কারণে অনেক পরিবহন শ্রমিক কাজ পাচ্ছেন না। ফলে সড়কে গণপরিবহন চলাচল শুরু হলেও বসে থাকতে হচ্ছে অনেক শ্রমিকদের। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে এই পরিবহন নেতা বলেন, ‘চেষ্টা করছি। দেখি কিছু করা যায় কি না।’

এর আগে টানা ১৯ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
গত রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন-লঞ্চ-বাস। তবে সড়কে অর্ধেক বাস চলবে। প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ সড়ক পরিবহনমন্ত্রী। এই সিদ্ধান্তের যৌক্তিকতা নেই জানিয়ে তা প্রত্যাহারের দাবি করেছে পরিবহন মালিক সমিতি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore