Monday 26 October, 2026

For Advertisement

ভারত থেকে এলো ১০১৬ মেট্রিক টন তরল অক্সিজেন

6 August, 2021 12:48:34

পঞ্চম দিনের মতো বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ‘অক্সিজেন এক্সপ্রেস’-এ করে এলো আরও ২১৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরের দিকে অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল এসে পৌঁছায়।

এর আগে ২০০ মেট্রিক টন করে ২৪, ২৮, ৩০ জুলাই ও ১ আগস্ট মোট ৮০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে আরও চারটি ট্রেন আসে। এ নিয়ে ট্রেনে করে ৫ দিনে ভারত থেকে মোট ১ হাজার ১৬ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এলো। যেখানে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আদায় হয়েছে পৌনে ১২ লাখ টাকা।

বুধবার (৪ আগস্ট) বিকালে ১০টি কন্টেইনারে ২১৬ মেট্রিক টন অক্সিজেনবাহী ৫ম ট্রেনটি দেশটির টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায় বিকাল সাড়ে ৩টার দিকে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।

জানা গেছে, অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ এবং রফতানিকারক প্রতিষ্ঠান হলো লিন্ডে ইন্ডিয়া। এই অক্সিজেনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ৫ম চালানে ২১৬ মেট্রিক টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ দুপুরে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেওয়া হয়েছে। তারপর গন্তব্যে রওনা দেয়।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের ৪৮০টি রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য ‘অক্সিজেন এক্সপ্রেস’ সেবাটি চালু করে ভারতীয় রেলওয়ে। সেই ’অক্সিজেন এক্সপ্রেস’ এখন ভারত থেকে তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে আসছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore