For Advertisement
ডেসটিনির রফিকুল হাসপাতাল থেকে ফের কারাগারে
কারাগারের অধীনে হাসপাতালে থেকে জুম মিটিংয়ের মাধ্যমে ব্যবসায়িক মিটিং করার অভিযোগ ওঠার পর ডেসটিনি ২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমীনকে হাসপাতাল থেকে আবার কারাগারে ফিরিয়ে নিয়েছে কারা কর্তৃপক্ষ।
শনিবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কথা বলে প্রায় তিন মাস এই হাসপাতালের প্রিজন সেলে ছিলেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় করাগারের একটি সূত্র ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করে জানায়, বিএসএমএমইউ ছাড়পত্র দেয়ার পর সেখান থেকে বিকালে রফিকুল আমীনকে ঢাকার অদূরে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
সূত্রটি আরও জানিয়েছে, করোনার প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় রফিকুল আমিনকে কারাগারে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।
রফিকুল আমীন গত ১১ এপ্রিল বিএসএমএমইউতে আসেন। সেখানে তার হৃদযন্ত্র, কিডনি, অর্থোপেডিকস ও ডায়াবেটিসের চিকিৎসা চলে।
সম্প্রতি হাসপাতালের প্রিজন সেলে থেকে রফিকুল আমিন জুমে ব্যবসায়িক বৈঠক এবং নতুন এমএলএম কোম্পানি খোলার কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি জুম মিটিংয়ের প্রায় এক ঘণ্টার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এরপর কারা কর্তৃপক্ষ রফিকুল আমীনের পাহারায় থাকা প্রধান কারারক্ষীসহ আটজনকে গত বৃহস্পতিবার প্রত্যাহার করে নেয়। শুক্রবার চার প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও ১৩ কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং মামলায় রফিকুল আমীনকে ২০১২ সালের অক্টোবরে গ্রেপ্তার করা হয়। কারাগার সূত্র জানায়, এরপর থেকে রফিকুল আমীন একেক সময় একেক রোগের কথা বলে হাসপাতালের প্রিজন সেলে থেকেছেন। তিনি মূলত ঘুরেফিরে বিএসএমএমইউ ও বারডেম হাসপাতালে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। এর মধ্যে বেশির ভাগ সময় ছিলেন বিএসএমএমইউতে। তবে এবারের মতো একটানা এত লম্বা সময় তিনি এর আগে ছিলেন না। এর আগে সেখানে সর্বোচ্চ টানা দেড় মাস থেকেছেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore