Monday 29 June, 2026

For Advertisement

৮৭ দিন পর সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু আরও ২৬

15 March, 2021 5:30:53

দেশে গত একদিনে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। ৬৬ দিন পর সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে এ সময়ে। এর আগে সবশেষ গত ৭ জানুয়ারি তার আগের ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলে স্বাস্থ্য অধিদপ্তর। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৭৩ জন, যা ৮৭ দিন পর সর্বোচ্চ।

রবিবার বিকালে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ১ হাজার ৭৭৩ জন। যা ৮৭ দিন পর সর্বোচ্চ।

চলতি বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শনাক্তের সংখ্যা কমতে থাকে। ৯ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা সাতশোর ঘরে (৬৯২) নামে। সর্বশেষ ২৫ জানুয়ারি ৬০২ জন শনাক্তের তথ্য জানানো হয়। এরপর পাঁচ সপ্তাহ দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয়শোর নিচে ছিল। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তিনশোর নিচেও নেমেছিল। এরপর গত ৩ মার্চ থেকে শনাক্তের সংখ্যা টানা তিনদিন (৬১৪, ৬১৯, ৬৩৫) ছয়শোর বেশি হয়। এরপর ৯ মার্চ ৯১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৫.১৪ শতাংশ, যা তার আগের ৫৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এরপর গত ১০ মার্চ শনাক্তের সংখ্যা আবারো হাজার ছাড়ায়, যা তার আগের দুই মাসের (৬১ দিন) মধ্যে সবচেয়ে বেশি ছিল।

এ পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯.৪৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী পাঁচজন। এদের ১৯ জনই ষাটোর্ধ্ব। আর বাকি সাতজনের মধ্যে ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন ও ৪১-৫০ বছরের মধ্যে দুই জন। এ নিয়ে ৮ হাজার ৫৭১ জনের মৃত্যু হলো করোনায়। ২৪ ঘণ্টায় মৃত্যু হার ১.৫৩ শতাংশ।

এ ছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ১৩.৫ শতাংশ।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ; তা সোয়া ৫ লাখ পেরিয়ে যায় চলতি বছরের ১৪ জানুয়ারি। এর মধ্যে গতবছরের ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গতবছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেবছরের ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore