Thursday 19 November, 2026

For Advertisement

মৃৎশিল্পের বাণিজ্যিক প্রসার দরকার : স্পিকার

24 June, 2021 10:08:40

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৃৎশিল্পকে বাণিজ্যিকভাবে প্রসারিত করা দরকার। কারণ এই শিল্পের সঙ্গে আমাদের মা-বোনরা সমন্বিতভাবে কাজ করেন। এক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে নারীরা উপকৃত হবেন।

বৃহস্পতিবার (২৪ জুন) পীরগঞ্জ উপজেলার প্রজাপাড়া-পালপাড়ায় মৃৎশিল্প সমবায় সদস্যদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, ২২টি পানি বিশুদ্ধকরণ ট্রিটমেন্ট প্লান্ট এবং পৌরসভার ল্যান্ডফিলিং প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় প্রকল্পগুলোর উদ্বোধন করেন স্পিকার।

শিরীন শারমিন বলেন, পীরগঞ্জের সাধারণ মানুষের চাহিদার ওপর ভিত্তি করে ২২টি পানি বিশুদ্ধকরণ আয়রন প্লান্ট সফলভাবে স্থাপন করা হয়েছে, যা এলাকাবাসীর সুপেয় পানির সংকট কাটিয়ে তুলবে। পীরগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নে ল্যান্ডফিলিং কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পীরগঞ্জ পৌরবাসীদের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করে তোলা স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেললে তা দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি রোগ-জীবাণু ছড়ায়, যা মানুষের জন্য ক্ষতিকর। তাই, সবাই সচেতন হলে এই সমস্যা থেকে পরিত্রাণ সম্ভব। চলমান করোনা পরিস্থিতিতে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা সবার জন্য জরুরি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। অধিকাংশ প্রকল্পের সুবিধাভোগী দেশের প্রান্তিক জনগণ। পীরগঞ্জেও একই ধারায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। প্রায় চল্লিশটির বেশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবন ও আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন, শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র, টেক্সটাইল কলেজ স্থাপন, গৃহহীনদের ১০৫টি ঘর বিতরণ, দিনাজপুর-ঘোরাঘাটের সাথে সংযুক্তকারী ব্রিজ নির্মাণসহ পীরগঞ্জে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান। কিছুদিন আগে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরের টিন মেরামতে টিন বরাদ্দ এসেছে। ভেন্ডাবাড়ি ইউনিয়নে একটি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙা, সাধারণ সম্পাদক ও পৌরমেয়র তাজিমুল ইসলাম শামীমসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore