Wednesday 29 April, 2026

For Advertisement

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান ৫ দিনের রিমান্ডে

31 January, 2025 6:50:51

রংপুরে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার সকালে চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রাণী রায় রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষে শুনানি করেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির এক আত্নীয়ের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন সাবেক এই মন্ত্রী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং একাধিক হত্যা মামলা রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, ‘গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক এ মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছিল। শুক্রবার রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলা হয় তাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সংঘর্ষে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন।

এই মামলায় এর আগে গত ২৭ অক্টোবর নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে প্রথমবারের মত দশম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত হন।

সংসদ সদস্য হওয়ার এক বছর পর ২০১৫ সালের ১৪ জুলাই তিনি খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সালের ১৯ জুন তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore