Tuesday 30 June, 2026

For Advertisement

জামিন-জরুরি আবেদনের নিষ্পত্তিতে বিশেষ জজ আদালত খোলা থাকবে

22 April, 2021 10:24:22

আগামী ২৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামিন ও অতি জরুরী ফৌজদারি আবেদন নিষ্পত্তি করতে বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালত ভার্চুয়ালি খোলা থাকবে। একইসঙ্গে সারা দেশে অধস্তন আদালতে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে সংশ্লিস্ট শাখায়(সেরেস্তা) দেওয়ানি ও ফৌজদারি আপিল, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় নতুন মামলা করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোট।

এবিষয়ে প্রধান বিচারপতির নির্দেশে বৃহস্পতিবার পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরে এসব বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিশেষ জজ আদালত সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরী ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রম পরিচালনা করবেন। এই আদেশ ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পযর্ন্ত বলবৎ থাকবে।’

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক শারীরিক উপস্থিতিতে দেওয়ানি ও ফৌজদারি আপিল এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারার অধীন মামলা সংশ্লিষ্ট সেরেস্তায় দায়ের করা যাবে। ক্ষেত্রমতে, দেওয়ানি ও ফৌজদারি আপিলের গ্রহণযোগ্যতা শুনানিসহ এতদসংক্রান্ত জরুরী দরখাস্ত ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি করা যাবে। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারার অধীন দায়েরকৃত মামলায় শারীরিক উপস্থিতিতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ২০০ ধারার অধীন জবানবন্দি গ্রহণ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।’

দ্বিতীয় পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে অধস্তন আদালত বন্ধ রয়েছে। শুধুমাত্র জরুরী জামিন ও রিমান্ড সংক্রান্ত বিষয় শুনানির জন্য ম্যাজিস্ট্রেট আদালত খোলা রাখা হয়েছিল। এ অবস্থায় নতুন সিদ্ধান্ত জানালো সুপ্রিম কোর্ট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore