Thursday 19 November, 2026

For Advertisement

জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে, শুনানি আজ

5 April, 2023 11:27:36

নওগাঁর সুলতানা জেসমিনের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন হাইকোর্টে পৌঁছেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণেই জেসমিনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। এ প্রতিবেদনের ওপর বুধবার (৫ এপ্রিল) দুপুরে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে।

এর আগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় র‌্যাবের গ্রেফতারের এখতিয়ার আছে কি না, তা জানতে চান আদালত। এর সঙ্গে নওগাঁয় র‌্যাবের হাতে আটকের পর থেকে সুলতানা জেসমিনকে সম্মানজনক জায়গায় (থানা অথবা কার্যালয়ে) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত র‌্যাবের আচরণ আইনি হয়েছে কি না, তাও জানতে চান আদালত।

পাশাপাশি চূড়ান্ত ময়নাতদন্তের প্রতিবেদনে সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ কী আসে, সেসব তথ্যও আদালতকে জানাতে বলা হয়। বুধবার ( ৫ এপ্রিল) এর মাঝে রাষ্ট্রপক্ষকে এসব বিষয়ের তথ্য এবং এ-সংক্রান্ত আইন, নথি ও সুলতানা জেসমিনের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করতে এবং সেদিন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন আদালত। নওগাঁয় র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে গত ২৮ মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ উপরোক্ত আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। একই দিন নওগাঁ সদর হাসপাতাল থেকে সুলতানা জেসমিনের সুরতহাল প্রতিবেদন হাইকোর্টে দাখিল করে রাষ্ট্রপক্ষ। সেখানে উল্লেখ করা হয়, ভুক্তভোগী সুলতানা জেসমিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। তাকে নির্যাতন করা হয়নি।

র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট করেছেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। জনস্বার্থে করা রিটে স্বরাষ্ট্রসচিব, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে নিহত জেসমিনের স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে জেসমিনের মৃত্যু হয়েছে। কিন্তু এ ঘটনায় এখনও কোনও মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৭ মার্চ তা আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে জনস্বার্থে রিট করা হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore