Thursday 19 November, 2026

For Advertisement

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ এপ্রিল

7 April, 2022 3:01:12

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে অনলাইনের মাধ্যমে প্রার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাধারণ ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তির আবেদন প্রক্রিয়া ও ফি জমা দেওয়া ২০ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১০ মে পর্যন্ত। গত বছর ভর্তি ফি ৬৫০ টাকা হলেও এ বছর ভর্তি ফি করা হয়েছে এক হাজার টাকা। আগামী ১৬ মে থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আগামী ৩ জুন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন ‘ঘ’ ইউনিটের পরীক্ষা হবে। এছাড়া ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের (সাধারণ জ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংকন পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

‘ক’, ‘খ’, ‘গ’ এবং ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও গত বছরের মতো এ বছরও ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

সভায় ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়। শুধুমাত্র ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া মাধ্যমিক বা সমমান এবং উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ (১০+১০) নম্বর।

শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা:

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক/সমমান এবং ২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘ক’ ইউনিটের জন্য মোট জিপিএ ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘খ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘গ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘ঘ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ (তবে বিজ্ঞান,কৃষিবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীদের জন্য মোট জিপিএ ৮ এবং আলাদাভাবে ৩.৫ থাকতে হবে) এবং ‘চ’ ইউনিটের জন্য মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore