Thursday 19 November, 2026

For Advertisement

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে সমস্যা হবে না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

12 February, 2022 5:49:54

করোনাভাইরাসের প্রকোপ রোধে স্কুল-কলেজ বন্ধ রয়েছে। তবে বর্তমানে সংক্রমণ কমতে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রী।

শনিবার দুপুরে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জেলার ডাক্তার ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও সরকার সিদ্ধান্ত নেবে। এখন যেহেতু করোনা কমে আসছে তাই স্কুল খুললে কোনো সমস্যা হবে না। আরও একটি আশ্বস্তের জায়গা হলো স্কুলের বেশিরভাগ শিক্ষার্থীর টিকা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে প্রায় ২৮ লাখ ছেলেমেয়েকে বুস্টার ডোজও দেওয়া হয়েছে। তাই স্কুল খুলে দিলে আশা রাখি সমস্যা হবে না।’

এর আগে দুপুরে ঢাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আর বাড়াতে হবে না বলে তারা আশা করছেন। এক দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ কারিগরি কমিটির সঙ্গে বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান শিক্ষামন্ত্রী।

করোনার টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে যাদেরকে টিকা দেওয়ার অনুমতি রয়েছে তাদের সংখ্যা ১১ কোটি ৫৫ লাখ। এর মধ্যে ১০ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে অর্থাৎ ৮৬ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে।’

স্কুল-কলেজের যেসব ছেলে-মেয়ে এখনো টিকা নেয়নি তারা যেন দ্রুত সময়ের মধ্যে টিকা নিয়ে নেয় সেই আহ্বান জানান মন্ত্রী।

এসময় জেলা সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী, মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমান উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore