Thursday 19 November, 2026

For Advertisement

গুচ্ছের ফলে ত্রুটি, শিক্ষার্থীদের অসন্তোষ

26 October, 2021 9:50:38

প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ফলাফল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার সময় গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। তবে ফলাফল প্রকাশের পরই শিক্ষার্থীদের অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা বলছে, তাদের ভরাটকৃত প্রশ্নের সাথে ফলাফলের মিল নেই। আবার প্রশ্ন ভরাটের চাইতে বেশি নাম্বার পেয়েছেন বলেও অভিযোগ করছেন শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ বলছে, ফলাফল নিয়ে কারও সন্দেহ থাকলে তা চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে।

নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী আবির। তিনি ইংরেজিতে কোনো প্রশ্নের উত্তর না দিয়েও ২২ পেয়েছেন। আবার বাংলায় ৩১টি প্রশ্নের উত্তর দিলেও ফলাফলে ৪টি উত্তর দিয়েছে বলে দেখানো হয়েছে। রাজধানীর দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা থেকে এইচএসসি পাশ করা আবু নোমান সালমান ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলাফলে ১০০ নাম্বারের মধ্যে ২২.৫০ নাম্বার পান এ শিক্ষার্থী।

তিনি বলেন, বাংলা অংশে ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের মধ্যে ৩৫টি ভরাট করেছি কিন্তু রেজাল্টে দেখাচ্ছে বাংলায় ২০টা ভরাট। আবার ইংরেজিতে ৩৫টার মধ্যে ১৭/১৮ টা কিন্তু ফলাফলে দেখাচ্ছে ইংরেজিতে ৩০টা ভরাট করেছি। আমি শতভাগ নিশ্চিত হয়েই উত্তর করেছিলাম। আমার হিসেব অনুযায়ী আমি ৪৩/৪৪ মার্কস পাওয়ার কথা। কিন্তু অতিরিক্ত ভরাট দেখিয়ে সেটা আবার মাইনাস দেখাচ্ছে, পেয়েছি ২২.৫০। এই শিক্ষার্থী বলেন, আমি সেকেন্ড টাইমার পরীক্ষার্থী। পরিবারের সাথে অনেক যুদ্ধ করে প্রায় ২টা বছর ধরে প্রস্তুতি নিলাম। অনেক স্বপ্ন ছিলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু গুচ্ছ পরীক্ষার এমন ফলাফলে আমার সব শেষ হয়ে গেলো।

আরও পড়ুন:
ইবিতে গুচ্ছের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

একই বিড়ম্বনায় পড়েছেন ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করা মুবাশ্বির আহমেদ। প্রকাশিত ফলাফলে ১০০ নাম্বারের মধ্যে ৪৬ নাম্বার পান এ শিক্ষার্থী। তবে ভর্তি পরীক্ষার বাংলা অংশে ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর করলেও প্রকাশিত ফলাফলে বাংলা অংশে ২৮টি পূরণ করা হয়েছে বলে দেখানো হয়েছে। এই শিক্ষার্থী বলেন, কর্তৃপক্ষের ভুলের কারণে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাবজেক্ট পেলেও এত কম নাম্বারে জন্য আমি ভালো সাবজেক্ট পাবো না। আমাদের স্বপ্ন নিয়ে এরকম খেলা করার কোনো মানে হয়না।

মুন্সিগঞ্জের আরেক শিক্ষার্থী সজিব হাসান ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে লিখেন, ইংরেজি থেকে ৩৫টা প্রশ্নের সবই পূরণ করেছি, কমন ছিলো ২৭টা। এখন রেজাল্ট অনুযায়ী আমি নাকি ৩১টা উত্তর করছি যেখানে ১১টাই আবার ভুল! প্রকাশিত ফলাফলে ১০০ নাম্বারের মধ্যে ৫৭.৫০ নাম্বার পান এ শিক্ষার্থী। এই শিক্ষার্থী বলেন, ইংরেজিতে এতো কম নাম্বার পাওয়া কোনোভাবেই সম্ভব না। বিশ্বাস করেন, এদেশ থেকে এর চেয়ে বেশি আশা করিনাই আর করবোও না। ভর্তি আয়োজক কমিটির যাদের অবহেলার কারণে আমাদের স্বপ্ন ধ্বংস হচ্ছে তাদের বিচার যেনো আল্লাহ করে।

শুধু আবির, সালমান, মুবাশ্বির আর সজিবই নয়, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনেক শিক্ষার্থীই প্রকাশিত ফলাফল নিয়ে অসন্তেুাষ প্রকাশ করেছেন।

এবিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, অনেক শিক্ষার্থী ওএমআর পূরণ করতে ভুল করে। অর্ধেক ভরাট, অস্পষ্ট হলে কম্পিউটারে সেটা রিড করে না। এখানে ওএমআর সম্পূর্ণ কম্পিউটারের মাধ্যমে রিড হয়, তাই ফলাফল ভুল হওয়ার প্রশ্নই আসে না। এরপরও যারা চ্যালেঞ্জ করতে চায়, বাণিজ্য অনুষদের পরীক্ষার পর আমরা একটা নোটিশ দিবো। নির্ধারিত ফি দিয়ে শিক্ষার্থীরা পুনরায় ফলাফল চেক করতে পারবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আজ আমাদের ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। সর্বোচ্চ মার্কস ৯৩.৭৫ আর সর্বনিম্ন মার্কস -০.৭। শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থী যে অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন। কম্পিউটারে রেজাল্ট কাউন্ট হয়েছে, ভুল হওয়ার কোন সুযোগ নেই। তবে কোন শিক্ষার্থী যদি অভিযোগের বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে পরীক্ষা শেষে আমরা তাদের পুনঃনিরিক্ষণের ব্যবস্থা করবো।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore