Wednesday 25 November, 2026

For Advertisement

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ৪ গ্রেডে কে কত পাবেন

25 November, 2026 5:27:32

বাংলাদেশে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ন্যূনতম মজুরি বোর্ডের গোপন ভোটাভুটির মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা ২১ ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনা এবং দফায় দফায় দরকষাকষির পর মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, চূড়ান্ত হওয়া এই নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে। এর ফলে দীর্ঘদিনের অস্থিরতা নিরসন হয়ে পোশাকশিল্পে আবারও স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে দীর্ঘ বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। শিগগিরই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে বলে তিনি জানান।সংবাদ পড়ুন

বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, এবারই প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। ১ থেকে ৩ নম্বর গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ সর্বসম্মতিক্রমে একমত হতে পারলেও, সর্বনিম্ন অর্থাৎ ৪র্থ গ্রেডের মজুরি নিয়ে মতপার্থক্য দেখা দেয়। শ্রমিকপক্ষ সর্বনিম্ন ১৮ হাজার টাকা দাবি করায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। ভোটে বোর্ডের ৪ জন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং ২ জন সদস্য ১৮ হাজার টাকার পক্ষে রায় দেন। ফলে সংখ্যাগরিষ্ঠের ভোটে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।

এক নজরে ৪ গ্রেডের নতুন মজুরি কাঠামো

নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের পদ ও দক্ষতা ভেদে চারটি গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে:

• প্রথম গ্রেড (২১,৫০০ টাকা): সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটর।

• দ্বিতীয় গ্রেড (২০,০০০ টাকা): সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, বিশেষায়িত কাজের সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকার।

• তৃতীয় গ্রেড (১৯,২০০ টাকা): জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারী।

• চতুর্থ গ্রেড (১৭,০০০ টাকা): হেলপার, থ্রেড কাটার এবং লাইন অ্যাসিস্ট্যান্ট।
এছাড়া যেসব শ্রমিক বর্তমানে নতুন ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের মূল বেতনের সঙ্গেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। তবে সক্ষমতা থাকলে কারখানা মালিকরা এর চেয়ে বেশিও দিতে পারবেন।

জানা গেছে, সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাবের ওপর মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে টানা রাত দেড়টা পর্যন্ত চলা বৈঠকে উভয়পক্ষ মোট ৬ দফা প্রস্তাব উপস্থাপন করে। সংবাদ সম্মেলনে শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার শ্রমিকদের দ্রুত কাজে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, “আন্দোলনের কারণে ৫০০-৬০০ কারখানা বন্ধ থাকলেও এবার ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি প্রয়োগ করা হয়নি কিংবা শ্রমিকদের গণহারে চাকরিচ্যুত করা হয়নি।”বাংলাদেশ ভ্রমণ গাইড

মজুরি ঘোষণার পরও কেউ কোনো সংগঠনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার দায় ওই সংগঠনকেই নিতে হবে বলে তিনি সতর্ক করেন। পাশাপাশি আন্দোলনের কারণে কোনো শ্রমিককে ছাঁটাই না করা, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের জন্য বোর্ডের পক্ষ থেকে সরকারের কাছে সুপারিশ করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি আসিফ আইয়ুব ও এবিএম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।সংবাদ পড়ুন

উল্লেখ্য চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৫ দিনে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপে দেখা গেছে, গত ১ থেকে ১৮ নভেম্বর- এই ১৮ দিনে ৩১৭টি কারখানার ক্ষতি ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ক্রেতাদের আস্থা সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে সরে গেছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore