Thursday 25 June, 2026

For Advertisement

উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত দিলো বাংলাদেশ ব্যাংক

10 December, 2025 11:08:57

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে নতুন শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি ছাড়া কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী উৎসাহ বোনাস পাবেন না।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কোম্পানি আইনের ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো আর্থিক বছরে প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ণীত মুনাফা থাকলেই কেবল উৎসাহ বোনাস দেওয়া যাবে। পুঞ্জীভূত মুনাফা থেকে বোনাস দেওয়া যাবে না। একই সঙ্গে রেগুলেটরি মূলধনে কোনো ঘাটতি থাকা যাবে না এবং প্রয়োজনীয় সঞ্চিতি (প্রভিশন) ঘাটতিও সহনীয় নয়।

এ ছাড়া কোনো বিলম্বকরণ সুবিধা দেওয়া হলে তা মুনাফা নির্ধারণে হিসাব করা যাবে না। ব্যাংকের বিভিন্ন সূচকের বাস্তব উন্নতি এবং শ্রেণীকৃত বা অবলোপনকৃত ঋণ আদায়ে যথেষ্ট অগ্রগতি থাকাকে উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে বাধ্যতামূলক শর্ত হিসেবে বিবেচনা করতে হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে উৎসাহ বোনাস প্রদান ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা–২০২৫’ অনুসারে করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং খাতে ঋণশৃঙ্খলা বজায় রাখা এবং খেলাপি ঋণ কমানোর লক্ষ্যেই এ নতুন শর্তগুলো নির্ধারণ করা হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore