Tuesday 22 September, 2026

For Advertisement

ট্রাম্পের উচ্চশুল্ক এড়াতে বাংলাদেশে পোশাক উৎপাদন করতে চায় ভারতীয় প্রতিষ্ঠান

9 August, 2025 5:48:27

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় দিশেহারা হয়ে পড়েছে দেশটির রপ্তানিকারকরা বিশেষ করে পোশাক খাতে। ক্রেতাদের ধরে রাখতে পার্ল গ্লোবাল ভারত থেকে তাদের উৎপাদন সরিয়ে বাংলাদেশসহ চারটি দেশে নিয়ে যাওয়ার চিন্তা করছে।

২৫ শতাংশ পাল্টা শুল্কের আবার শাস্তিস্বরূপ ২৫ শতাংশ শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্রান্ড থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ভারতীয় পোশাক প্রস্ততকারক প্রতিষ্ঠানের কাছে। তাদেরই একটি ভারতের পার্ল গ্লোবাল। গ্যাপ ও কোলসের মতো প্রতিষ্ঠান তাদের ক্রেতা।

গ্যাপ ও কোলস সহ বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ভারতে উৎপাদন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করে তারা। ভারতীয় পণ্যে উচ্চশুল্ক আরোপ হওয়ায় তারা বিকল্প চিন্তা করছে। পার্লকে শুল্কের অংশীদার হতে হবে। তাই তারা ক্রেতা ধরে রাখতে বাংলাদেশের মতো নিম্ন শুল্কের দেশে পণ্য প্রস্তুত করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে চায়।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে এমনই খবর জানা যাচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) পার্ল গ্লোবালের মহাপরিচালক পল্লব ব্যানার্জি জানান, মার্কিন ক্রেতাদের চাপে পড়েই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

পল্লব ব্যানার্জি বলেন, মার্কিন ক্রেতাদের তারা প্রস্তাব দিয়েছেন উচ্চ শুল্ক এড়াতে তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতেমালার ১৭টি কারখানায় তাদের উৎপাদন নিয়ে যাবে।

ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশের তালিকা অনুযায়ী বাংলাদেশের ওপর ২০, ইন্দোনেশিয়া ১৯ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ করে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। আর ভারতের ওপর ৫০ শতাংশ।

দ্বিতীয় দফা হোয়াইট হাউসে এসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিলে প্রথম পাল্টা শুল্ক আরোপ করেন। তখন ভারতের ওপর শুল্ক কম ছিল। তিন মাসের স্থগিতাদেশের পর ৩১ আগস্ট চূড়ান্ত তালিকায় ভারতের পণ্যে শুল্ক ২৫ শতাংশ করা হয়। কিন্তু ইউক্রেন যুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনায় ৬ আগস্ট আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

পার্ল গ্লোবালের ওই কর্মকর্তা জানান, কিছু মার্কিন ক্রেতা শর্ত দিয়েছে, ভারত থেকে পণ্য নিতে চাইলে শুল্কের ভাগ তাদেরও নিতে হবে। তবে পার্ল গ্লোবাল শুল্কের ভাগ নিতে চায় না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore