Thursday 20 August, 2026

For Advertisement

খাদ্য নিয়ে কারসাজি করলে সর্বোচ্চ শাস্তি: বাণিজ্যমন্ত্রী

20 March, 2022 5:13:34

সূলভ মূলের পণ্য নিয়ে কারসাজি করলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন। আর এ পণ্য নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী খাদ্য মজুদসহ কোনোরূপ কারসাজি করলে সর্বোচ্চ শাস্তি পেতে হবে।

রবিবার দুপুরে রংপুরের কাউনিয়ার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথম কিস্তিতে ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তিতে ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ পণ্য বিক্রি করবে টিসিবি। সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রির জন্য তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পাশপাশি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

মন্ত্রী বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় স্থানীয় জনসংখ্যা, দারিদ্র্যের সূচক বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন। বিতরণের আগের দিন ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে। সে সময় কার্ডহোল্ডারদের পণ্য বিক্রির স্থান ও সময় জানিয়ে দেয়া হয়েছিল। সে অনুযায়ী নির্ধারিত স্থানে একযোগে পণ্য বিক্রি শুরু হয়েছে।

টিপু মুনশি বলেন, প্রত্যেক পরিবারকে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল এবং ২ কেজি ছোলা ৫০ টাকা দরে দেওয়া হচ্ছে।

এ সময় কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলীসহ নেতারা উপস্থিত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore