For Advertisement
সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৭ টাকা
দেশের বাজারে আবারও খোলা ও বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা, যা আগে ছিল ১৫৩ টাকা। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয় চূড়ান্ত করে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতিতে জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।
সংগঠনটির সচিব মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম ওয়েলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে দাম ১৩৪ টাকা, পরিবেশক মূল্য ১৩৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৩৬ টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল মিলগেটে ১৫০ টাকা, পরিবেশক মূল্য ১৫৪ টাকা ও খুচরা পর্যায়ে ১৬০ টাকায় বিক্রি হবে। ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল মিলগেটে ৭২০ টাকা, পরিবেশক মূল্য ৭৪০ টাকা ও খুচরা পর্যায়ে ৭৬০ টাকা। আর পাম তেল প্রতি লিটার মিলগেটে ১১৬ টাকা, পরিবেশক মূল্য ১১৭ ও খুচরা পর্যায়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এ দাম পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতকৃত তেলের ওপর কার্যকর হবে না।
এর আগে রোববার (১৭ অক্টোবর) প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম ৭ টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। এই প্রস্তাবে বাণিজ্যমন্ত্রী ও সচিব অনুমোদনের পর বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে জানাবে। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে ভোজ্যতেল উৎপাদন ও বিতরণকারী কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ওনাদের (তেল ব্যবসায়ী) প্রস্তাব ছিল বোতলজাত লিটারপ্রতি তেল ১৬৮ টাকা করার। ট্যারিফ কমিশন একাধিকবার বসে অ্যানালাইসিস করে ১৬২ টাকা প্রস্তাব করেছে। এটা ছিল সেপ্টেম্বর মাসের অ্যাভারেজ রিপোর্ট। আজ দীর্ঘক্ষণ আলোচনা করে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ঠিক করা হয়েছে ১৬০ টাকা। যেটার আগে দাম ছিল ১৫৩ টাকা। বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ১২৯ টাকা। ৭ টাকা দাম বাড়িয়ে ১৩৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ৫ লিটারের বোতল ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ৭৬০ এবং পাম তেল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১১৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব বাণিজ্য সচিবের কাছে উপস্থাপন করা হবে উল্লেখ করে সফিকুজ্জামান বলেন, মন্ত্রীর সঙ্গে কথা বলে দাম চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। পরে তেল ব্যবসায়ীরা তাদের প্যাডে এটি ঘোষণা করবেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore