Tuesday 20 October, 2026

For Advertisement

সারাদেশে সব ধরনের গাড়ি চলবে, অপ্রীতিকর ঘটনা প্রতিহত করার ঘোষণা

16 November, 2025 5:22:13

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের দিনেও সারাদেশে সব ধরনের গাড়ি চলবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা প্রতিহত করা হবে—এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন।

আজ রবিবার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান বলেন, “দেশের সব ধরনের গাড়ি চলবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করবো। আইন–শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে, আর যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা নিরলস দায়িত্ব পালন করছেন।”

সংগঠনটি জানায়, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। পরিবহন শ্রমিকরা সেই প্রচেষ্টায় সহযোগিতা করে যাচ্ছে। একই সঙ্গে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬-এর প্রস্তুতি নিচ্ছে বলেও উল্লেখ করেন হুমায়ূন কবির খান।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, “মানবতাবিরোধী হত্যা মামলার আসামি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে মিলিয়ে দলটি ১৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে লকডাউনের ডাক দেয়। এর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া।” ওই লকডাউন চলাকালে প্রায় ২০টি পরিবহনে অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটে এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে শ্রমিক জুলহাস ড্রাইভারকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে ঢাকার মহাখালী, গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান, ফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেন; একই ধরনের কর্মসূচি দেশব্যাপী পালিত হয়।

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, “১৮ কোটি মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন বানচালের লক্ষ্যেই ১৬ ও ১৭ নভেম্বর আবারো লকডাউনের ডাক দিয়েছে।”

তিনি এসব লকডাউন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান সরকারকে।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore