ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

নোয়াখালীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

10 June 2023, 10:30:51

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে দুলাল চন্দ্র দাস (৫৫) নামের এক মাছ ব্যবসয়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে চেয়ারে বসে বাড়ির পার্শ্ববর্তী মাছের প্রজেক্ট পাহারা দেওয়া অবস্থায় তার মাথা, মুখ ও গলার অংশে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীণ পাড় গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুলাল চন্দ্র দাস ওই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে।

নিহতের ভাই প্রাণ দাস বলেন, আমাদের বাবা-দাদার ব্যবসা মাছের ব্যবসা। সে সুবাদে আমরাও মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। বাড়ির পাশে আমাদের মাছের কয়েকটি প্রজেক্ট রয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া শেষ করে মাছ পাহারা দিতে পুকুর পাড়ে গিয়ে একটি চেয়ার নিয়ে বসেন দুলাল চন্দ্র দাস।

শনিবার ভোর ৪টার দিকে পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন চাচাতো ভাই রতন চন্দ্র দাস।

প্রাণ দাস আরও বলেন, দুলাল দাদা সহজ-সরল ও ভালো লোক ছিলেন। উনার কোনো শত্রু আছে বলে আমাদের জানা নেই। কিন্তু কে-বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা কেউ বুঝতে পারছে না। এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: শেরপুরে পতিত জমিতে আনারস চাষে সাফল্য

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। রাতের অন্ধকারে চেয়ারে বসা অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: