Friday 20 November, 2026

For Advertisement

স্লোগানে মুখরিত শাহবাগ, ফের ‘বাংলা ব্লকেড’

8 July, 2024 6:25:15

পূর্বঘোষিত ‘এক দফা’ দাবিতে আবারও রাস্তায় নেমেছেন কোটা আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের বর্তমান এক দফা দাবি হলো- সব গ্রেডে সকল ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে।

গতকাল রাজধানীর শাহবাগ থেকে তারা এ এক দফা ঘোষণা করেছিলেন। সোমবার শাহবাগে জড়ো হয়েছেন তারা। এ সময় তাদেরকে ‘মেধা না কোটা?, মেধা মেধা’, ‘সংবিধানের মূল কথা, সুযোগের সমতা, ‘৭১ এর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’, ‘সংগ্রাম না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে বিকাল ৪টায় নিউমার্কেটের দিক থেকে একদল শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে এসে রাস্তা অবরোধ করেন।

এর কিছু সময় পরে টিএসসি থেকে শাহবাগ মোড় এসে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের আরেকটি মিছিল।

‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ ব্যানারে কয়েকশত শিক্ষার্থী অবরোধ করায় রাস্তার দুপাশে গাড়ি জমে যায়।

শাহবাগ মোড়ে বিকাল ৪টার আগ থেকে পুলিশের অবস্থান দেখা যায়। এর কিছুক্ষণ পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা প্রথমে সড়ক ঘিরে ফেলেন এবং পরে রাস্তায় রাখা লোহার ব্যারিকেড ব্যবহার করে সড়ক আটকে দেন।

শাহবাগ ও সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করায় মিরপুর রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউসহ ওই দুই এলাকা সংলগ্ন সব সড়কে যান চলাচল আটকে যায়।

আন্দোলনের এ পর্যায়টিকে ‘বাংলা ব্লকেড’ বলে উল্লেখ করে আন্দোলনের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম গতকাল বলেছিলেন, সোমবার সারাদেশে বিকাল সাড়ে ৩টা থেকে ব্লকেড চলবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore