Thursday 27 August, 2026

For Advertisement

ঈদের পরে পর্যায়ক্রমে অতি ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙা হবে: তাপস

18 April, 2023 11:18:04

মার্কেট ঝুঁকিমুক্ত করতে সংশ্লিষ্ট সবাই সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এখন থেকে অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা এড়াতে রাজধানীর মার্কেটগুলোতে নিয়মিত তদারকি করবে সিটি কর্পোরেশনের গঠিত স্থায়ী কমিটি। এরই মধ্যে কয়েকটি মার্কেটকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঈদের পর সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ঘোষিত ২ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, আমাদের দীর্ঘমেয়াদী কার্যক্রমে যেতে হবে। শুধু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা নয়, ঝুঁকিমুক্ত না হওয়া পর্যন্ত তা যেন আর ব্যবহৃত না হয় সেটাও নিশ্চিত করতে হবে। এই পূর্ণ কার্যক্রম এর আগে নেওয়া হয়নি। কিন্তু এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা স্থায়ী কমিটি গঠন করেছি। তারা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে খতিয়ে দেখবে। নির্মাণ কাঠামোগত ঝুঁকি, অগ্নি নির্বাপন সংক্রান্ত ঝুঁকি-এসব বিষয় তারা খতিয়ে দেখবে। প্রত্যেকটি মার্কেটকে ঝুঁকিমুক্ত করার জন্য যে সব কার্যক্রম গ্রহণ করতে হবে পর্যায়ক্রমে আমরা তা করবো। যদি সেটা ভেঙে ফেলতে হয় তবে সেটা ভেঙে ফেলা হবে এবং নতুন করে নির্মাণ করা হবে। যদি সেটা সংস্কারযোগ্য হয় তাহলে পর্যাপ্ত সংস্কার করতে বাধ্য করা হবে।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে বিডাকে নির্দেশনা দিয়েছেন যাতে করে তারাও এ ব্যাপারে আশু পদক্ষেপ নেয়। সুতরাং আমরা সম্মিলিতভাবে এখন থেকে কার্যক্রমগুলো নেব। এখন আমরা আগামীতে ১০ বছর বা দীর্ঘমেয়াদী একটি সময় নির্ধারণ করবো। পর্যায়ক্রমে দীর্ঘমেয়াদে ঢাকা শহরকে বাসযোগ্য নগরীতে পরিণত করতে, মার্কেটগুলোকে ঝুঁকিমুক্ত করতে আমরা প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবো।

তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের রহস্য উন্মোচন করতে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের পর নতুন যে অগ্নিকাণ্ডগুলো ঘটছে তাতে আমরা অত্যন্ত শঙ্কিত, মর্মাহত। প্রায় প্রতিদিনই আগুন লেগে চলেছে। আমরা মনে করি, অবশ্যই এসব রহস্য উদঘাটন হবে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore