Friday 20 November, 2026

For Advertisement

রুট পারমিট-বিহীন বাসের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

29 November, 2021 10:20:26

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেছেন, ১ হাজার ৬৪৬টি রুট পারমিটবিহীন বাস চিহ্নিত করা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। সেটি হবে কঠোর অভিযান। এবার শুধু জরিমানা না, রুট পারমিটবিহীন যেসব অবৈধ বাস পাব, সেগুলো আমরা জব্দ করে ধ্বংস করে দেব। যাতে সেই গাড়িগুলো সড়কে আসতে না পারে।

গতকাল রবিবার (২৮ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৯তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাদসিক মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঢাকা শহরের গণপরিবহনে বিশৃঙ্খলা রয়েছে। আমরা দেখেছি, রুট পারমিট নেওয়া হয় একটি যাত্রাপথে কিন্তু পরিচালনা করা হয় অন্য যাত্রাপথে। সেজন্য এখন থেকে আমরা আরও কঠোর হবো। যৌথ অভিযানের আওতায় আমরা সেসব বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এক রুটের বাস অন্য রুটে পরিচালনা করা যাবে না। ঢাকা শহরের গণপরিবহনে আমরা শৃঙ্খলা আনবই আনব।

বাসমালিকদের অসহযোগিতা ও নানা বাধা-বিপত্তি অতিক্রম করেই বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে ঢাদসিক মেয়র বলেন, পহেলা ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে বাস চালানোর ঘোষণা দিয়েছিলাম। কিন্তু মালিকদের অসহযোগিতায় তা ফলপ্রসূ করা যায়নি। গণপরিবহনে দীর্ঘদিনের পুঞ্জিভূত যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলায় অনেক অংশীজন রয়েছে। তার পরও আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই কার্যক্রম হাতে নিয়েছি। এটাকে আমরা বাস্তবায়ন করবই।

ঢাদসিক মেয়র বলেন, ‘ঢাকা শহরে গণপরিবহনের শৃঙ্খলা আনার জন্য এই কমিটি প্রতিষ্ঠা করা হয়। আমরা দুই মেয়র দায়িত্ব পাওয়ার পর গত বছরের অক্টোবর থেকে কার্যক্রম শুরু করি। এই করোনা মহামারির মাঝেও আমরা সভা পরিচালনা করেছি এবং এই কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে চলেছি।’

উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এ সময় বলেন, পহেলা ডিসেম্বর থেকে নগর পরিবহন পরীক্ষামূলক বাস্তবায়ন করার জন্য আমাদের ইচ্ছার কোনো ত্রুটি ছিল না। কিন্তু বিভিন্ন কারণে তা পারিনি। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাসমালিকরা। তারা যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি। এই পরিপ্রেক্ষিতে বিআরটিসির সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচল শুরু হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, প্রাথমিকভাবে এই রুটে ১০০টি গাড়ি চলাচল করবে। বিআরটিসি এই রুটে ৩০টি বাস দেবে বলে নিশ্চিত করেছে। প্রতিটি বাস দোতলা বিশিষ্ট।

সভায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, ঢাকা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিনসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore