Friday 3 July, 2026

For Advertisement

টাইগারদের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটিং ধস

19 November, 2021 4:46:42

রান তাড়ায় নেমে পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। বিশ্বকাপে দুর্দান্ত খেলা দলটি ১৬ রানেই প্রথম উইকেট হারায়। ইনফর্ম মোহাম্মদ রিজওয়ানকে (৮) বোল্ড করে দেন মুস্তাফিজুর রহমান। আরেক ওপেনার তথা অধিনায়ক বাবর আজমও তাসকিনের বলে বোল্ড হওয়ার আগে করেন ৯ বলে ৩ রান। পাকিস্তানের দুর্গে তৃতীয় আঘাত হানেন মেহেদি হাসান। এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন হায়দার আলী (২)। বিশ্বকাপে দারুণ ব্যাটিং করা অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক আজ ‘ডাক’ মেরে ফেরেন। তাকে দারুণভাবে রান-আউট করেন নুরুল হাসান সোহান। ২৪ রানে নেই ৪ উইকেট।

এর আগে আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান তোলে বাংলাদেশ। করোনা-পরবর্তী সময়ে বহুদিন পর মিরপুরে ফিরেছে দর্শক। ঘরের মাঠে দর্শকদের সঙ্গে নিয়েও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৩ রানে হাসান আলীর বলে উইকেটকিপার রিজওয়ানের গ্লাভসবন্দি হন মোহাম্মদ নাঈম (৩ বলে ১)। হুট করে সুযোগ পাওয়া আরেক ওপেনার সাইফ হাসানও ১ রান করে ফেরেন মোহাম্মদ ওয়াসিমের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে।

দলের ধসের শুরুটা হয় এভাবেই। নাজমুল হাসান শান্ত আজও সমালোচনার জবাব দিতে পারেননি। আউট হয়েছেন ১৪ বলে ৭ রান করে। তাকে কট অ্যান্ড বোল্ড করে দেন ওয়াসিম। ১৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আফিফ হোসেনকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। রিয়াদ ১১ বলে ৬ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে বোল্ড হন। ৪০ রানে ৪ উইকেটের পতন। বাংলাদেশের ইনিংসের অর্ধেক শেষ হয় আফিফ হোসেনের বিদায়ে। শাদাব খানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে আফিফ ৩৪ বলে ২ চার ২ ছক্কায় করেন ৩৬ রান।

বিশ্বকাপে ব্যর্থ নুরুল হাসান সোহানও বেশ হাত খুলে মারার চেষ্টা করেছিলেন। শাদাব খান এবং ওয়াসিমের বলে দুটি ছক্কাও মারেন। তার ইনিংস যখন আশা জাগাচ্ছে, তখন ফের ছন্দপতন। ২২ বলে ২ ছক্কায় ২৮ রান করা সোহানকে রিজওয়ানের গ্লাভসবন্দি করেন হাসান আলী। ১৭তম ওভারে দলীয় ৯৬ রানে ৬ষ্ঠ উইকেটের পতন। আমিনুলকে (২) বোল্ড করে দেন হাসান আলী। শেষের দিকে শেখ মেহেদি ২০ বলে ১ চার ২ ছক্কায় ৩০ রান করে বড় অবদান রাখেন। তাসকিনও ইনিংসের শেষ বলে ছক্কা মেরে দলের স্কোরকে ১২৭-এ পৌঁছে দেন। ২২ রানে ৩ উইকেট নেন হাসান আলী। ওয়াসিম নিয়েছেন ২ উইকেট।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore