Thursday 30 April, 2026

For Advertisement

ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো

6 March, 2026 10:30:36

ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো

ইরানের বন্দর ছাড়তে শুরু করেছে তেলবাহী ট্যাঙ্কারগুলো। শুক্রবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

২৮শে ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলা শুরু হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এ ঘটনায় শত শত তেলবাহী ট্যাঙ্কার আটকা পড়ে। যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে অনেক দেশেই জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে শুরু করেছে।

জাহাজ ট্র্যাকার এবং ব্যবসায়ীরা জানিয়েছেন, কমপক্ষে পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ইরানের বন্দর ত্যাগ করেছে। শুক্রবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস সরবরাহও চলছে।

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চেয়েছেন।

তিনি বলেছেন, একমাত্র ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া ইরানের সঙ্গে কোনো ধরনের চুক্তি হবে না।

ট্রাম্প আরো বলেছেন, ইরানে এমন নতুন নেতৃত্ব প্রয়োজন যাদের, তিনি ‘গ্রহণযোগ্য’ মনে করেন।

এরপর তিনি দাবি করেন, এমন নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনরুদ্ধার ও ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সপ্তম দিনে এসে ট্রাম্প ইরানের প্রতি এই দাবি জানালেন। এরই মধ্যে পুরো মধ্যপ্রাচ্যে ‍যুদ্ধের আগুনে পুড়ছে। ধ্বংস, মৃত্যু আর বোমা-ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গর্জন পুরো অঞ্চলে।

ট্রাম্পের জন্য ইভানজেলিকাল খ্রিষ্টান নেতাদের প্রার্থনা

ওভাল অফিসে বৃহস্পতিবার রাতে খ্রিষ্টান ইভানজেলিকাল নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারপাশে জড়ো হয়েছিলেন। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্পের সাফল্যের জন্য প্রার্থনা করেছিলেন।

মার্কিন কর্মীদের একজন কমান্ডার বলেছেন, ট্রাম্পকে “ইরানে আগুনের সংকেত জ্বালানোর জন্য যীশুর মাধ্যমে অভিষিক্ত করা হয়েছে যাতে আর্মাগেডন (পবিত্র যুদ্ধ) ঘটানো যায় এবং পৃথিবীতে তার প্রত্যাবর্তন চিহ্নিত করা যায়।”

একই দিন খ্রিস্টান জাতীয়তাবাদী হিসেবে পরিচিত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে একটি ‘উন্মাদ শাসনব্যবস্থা’ হিসাবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইরান সম্পর্কে ভবিষ্যদ্বানী করা হয়েছে যে এটি ‘ইসলামপন্থী বিভ্রান্তির নরক দিয়ে বেষ্টিত।’

কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। তবে তিনি সুনির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ দাবি করেছেন।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, “কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। স্পষ্ট করে বলা যাক: আমরা এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তবুও আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো দ্বিধা নেই। যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই সংঘাতের সূত্রপাত করেছে তাদেরকে মধ্যস্থতার কথা জানানো উচিত।”

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। শুক্রবার ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ইরানি সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা আরো হামলা চালিয়ে যাবে।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে, “গত কয়েক ঘন্টা ধরে সেনাবাহিনীর স্থল বাহিনীর বিভিন্ন ধরণের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে আমেরিকান সামরিক ঘাঁটিতে বিপুল সংখ্যক লক্ষ্যবস্তু করেছে। আগামী কয়েক ঘন্টায় এই হামলা অব্যাহত থাকবে।”

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে হামলা

ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর এবং ওই এলাকার একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, “আজ ভোরে এক টন ওজনের ওয়ারহেড বহনকারী ভারী খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রগুলো তেল আবিবের প্রাণকেন্দ্র, বেন গুরিওন বিমানবন্দর এবং বিমানবন্দরে অবস্থিত ইসরায়েলি বিমান বাহিনীর ২৭তম স্কোয়াড্রনের ঘাঁটির দিকে নিক্ষেপ করা হয়েছে।”

ইরানি সেনাবাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে একটি রাডার সাইটও রয়েছে।

রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে সেনাবাহিনী জানিয়েছে, এই হামলাগুলো ইসরায়েলের উত্তরে ‘তেল আবিবের লক্ষ্যবস্তু এবং মেরন রাডার ঘাঁটি’ লক্ষ্য করে চালানো হয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore