Monday 23 February, 2026

For Advertisement

খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা

22 February, 2026 2:16:53

মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। যেকোনো সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হতে পারে। আর এতে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুমকি দিয়ে আসছেন যে ইরান চুক্তিতে রাজি না হলে দেশটিতে অতর্কিত হামলা চালাবে মার্কিন বাহিনী। চুক্তিতে রাজি হওয়ার জন্য ইরানকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ চিরতরে বন্ধ করার প্রতিশ্রুতি দিলে তেহরানকে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারেন ট্রাম্প। তবে তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, তার ছেলে মোজতাবা খামেনিসহ ধর্মীয় নেতাদের হত্যার পরিকল্পনা নিতে পারেন ট্রাম্প।

অ্যাক্সিওস জানিয়েছে, সম্ভাব্য সব পরিস্থিতির জন্য ট্রাম্পকে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে পেন্টাগন। এসব প্রস্তাবের মধ্যে একটি হলো খামেনি ও তার ছেলেকে সরিয়ে দিয়ে দেশটির ‘মোল্লাতন্ত্র’ ভেঙে দেওয়া।

এমন পরিকল্পনা কয়েক সপ্তাহ আগেই ট্রাম্পের কাছে পেশ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের এক উপদেষ্টা বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত কী বেছে নেবেন তা কেউ জানে না। তিনি নিজেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে সব পথই খোলা আছে।

সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প এমন একটি চুক্তি চান যেন তিনি দেশের মানুষের কাছে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারেন।

এদিকে উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েল মনে করছে, ইরানের সঙ্গে সমঝোতার চেয়ে যুদ্ধের সম্ভাবনাই বেশি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore