For Advertisement
জাপানের জাতীয় নির্বাচনে তাকাইচির দলের বড় জয়ের আভাস
আগাম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন জাপানের ভোটাররা। ভোট শেষে চলছে গণনা। এর মধ্যেই বুথফেরত জরিপে দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রক্ষণশীল জোট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে আভাস পাওয়া গেছে ।
সংবাদমাধ্যম এনএইচকে-র জরিপ মতে, তাকাইচির লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক জাপান ইনোভেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে ৩৬৬ টি আসন পেতে পারে।
ভোটগ্রহণ শেষের প্রায় ৯০ মিনিটের মধ্যেই দেখা গেছে, এলডিপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ আসন পেয়ে গেছে। দলটি ৩২৮ টি আসন জিততে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, যা হবে দলটির জন্য এ যাবৎকালের সবচেয়ে ভাল ফল।
এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৪ বছর বয়সী তাকাইচি। তিনি জানিয়েছেন, নির্বাচনে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন।
জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অভিবাসন আইন কঠোর করা সহ বেশ কিছু উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন করে জনরায় পেতে রোববারের এ ভোটের ডাক দিয়েছিলেন তাকাইচি।
দুর্নীতি কেলেঙ্কারি ও বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়ের কারণে এলডিপি তাদের কয়েক দশকের পুরোনো জোট শরীকদের সমর্থন ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। তাকাইচির নেতৃত্বে এ আগাম নির্বাচনের মধ্য দিয়ে দলটি আবার ঘুরে দাঁড়াবে বলে আভাস পাওয়া যাচ্ছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore