Monday 17 August, 2026

For Advertisement

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করবে না তেহরান

15 July, 2025 1:27:03

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো পরমাণু আলোচনায় বসবে না ইরান। সোমবার বিষয়টি জানিয়েছে এএফপি।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে একাধিক দফা আলোচনা করলেও চুক্তিতে পৌঁছানো যায়নি। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে তারা কোনোভাবেই সরে আসবে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি বেলায়েতি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে বলেন, ‘সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না।’

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কবে, কোথায় এবং কখন বৈঠক হবে, তা এখনো ঠিক হয়নি।’

চলতি বছরের এপ্রিল থেকে পাঁচ দফা বৈঠক হলেও উভয় পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ২০১৮ সালে শেষ পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর এটিই ওয়াশিংটন-তেহরানের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম আলোচনা। ওমানের মধ্যস্থতায় এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

গত ১৩ জুন ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় ইসরাইল হামলা চালানোর পর ষষ্ঠ দফার বৈঠক বাতিল হয়ে যায়। পরে ইসরাইলের হামলায় যুক্তরাষ্ট্রও সীমিতভাবে যোগ দেয়।

ইসমাইল বাকাই বলেন, ‘আমরা কূটনীতিকে গুরুত্ব দেই এবং খোলা মনে আলোচনায় বসেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন, ষষ্ঠ দফার বৈঠকের আগে ইসরাইল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায়।’

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেছেন, ‘ইরান সব সময় কূটনীতি ও গঠনমূলক আলোচনাকে সমর্থন করে। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সমাধানের পথ এখনো খোলা রয়েছে।’

ইসরাইল ও পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান দাবি করছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পারমাণবিক শক্তি ব্যবহার করছে তারা।

ইরান বিশ্বের একমাত্র দেশ হিসেবে পরমাণু অস্ত্র না থাকলেও ইউরেনিয়ামের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে সক্ষম হয়েছে। তবে পরমাণু অস্ত্র তৈরি করতে হলে আরও বেশি মাত্রায় সমৃদ্ধকরণ প্রয়োজন।

এদিকে, জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ জানিয়েছে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহার করছে—এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore