Wednesday 26 August, 2026

For Advertisement

তুরস্কে যাচ্ছেন নেতানিয়াহু, এরদোগানের সঙ্গে যেসব বিষয়ে হতে পারে আলোচনা

21 July, 2023 10:50:03

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুরস্ক সফরে যাচ্ছেন ২৮ জুলাই। এই সফরে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠক করবেন। উভয় নেতার কার্যালয় বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসও তুরস্ক সফরে যাচ্ছেন। ২৫ জুলাই তার তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। অর্থাৎ মাহমুদ আব্বাসের তুরস্ক সফরের দিন কয়েকের মাথায় দেশটিতে যাবেন নেতানিয়াহু।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, এরদোগান একই সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাস ও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তার দেশে স্বাগত জানাবেন। আলোচনায় থাকবে তুরস্ক-ফিলিস্তিন সম্পর্ক, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সবশেষ পরিস্থিতিসহ অন্যান্য প্রাসঙ্গিক আন্তর্জাতিক বিষয়াবলি।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর আসন্ন তুরস্ক সফরের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ২০০৮ সালে এহুদ ওলমার্টের পর এই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাচ্ছেন।

তুরস্কের এ কূটনৈতিক তৎপরতা এমন একসময় এলো, যখন ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। বাড়ছে সহিংসতা।

তুরস্ক-ইসরাইলের মধ্যে বেশ কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। গত বছরের আগস্টে তারা পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়।

গত এক বছরে তুরস্ক-ইসরাইলের মধ্যকার সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এ সময় ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগসহ বেশ কয়েকজন উচ্চপর্যায়ের কর্মকর্তা তুরস্ক সফর করেছিলেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore