Sunday 27 September, 2026

For Advertisement

বড় ভাই নওয়াজের প্রতি যে ইঙ্গিত দিলেন শাহবাজ

17 July, 2023 10:50:19

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছেন যে, মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী মাসে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। লাহোরে সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় রোববার এ ঘোষণা দেন তিনি। এ সময় বড় ভাই নওয়াজ শরিফের প্রতি ইঙ্গিত করেন তিনি।

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বাধীন সরকারের অধীনে পাঁচ বছরের মেয়াদের পার্লামেন্টের যাত্রা শুরু হয়। কিন্তু পুরো সময় ক্ষমতায় থাকতে পারেনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পিটিআই সরকারের পতনের পর প্রধানমন্ত্রী হন শাহবাজ শরিফ। সেই ক্ষমতাসীন জোটের অধীনে সংসদের মেয়াদ সম্পন্ন হতে যাচ্ছে আগামী মাসে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও এক্সপ্রেস ট্রিবিউন সূত্রে জানা যায়, এদিন লাহোরে দেওয়া বক্তব্যে শাহবাজ বলেন, পার্লামেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। লাহোরের শিয়ালকোটে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, আমাদের সরকার আগামী মাসে তার মেয়াদ পূর্ণ করবে। আমরা আশা করছি, মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেব এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে।

এ সময় বড়ভাইয়ের প্রতি ইঙ্গিত করে শাহবাজ শরিফ বলেন, আসন্ন সাধারণ নির্বাচনে সুযোগ পেলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতারা এবং দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফকে সঙ্গে নিয়ে দেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করব।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, তারা আসন্ন নির্বাচনে জনগণের ম্যান্ডেটকে মেনে নেবেন। তবে পিএমএল-এন সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে পিটিআইয়ের চার বছরের কর্মকাণ্ডের তথ্য খতিয়ে দেখে দেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তৃতায় বড়ভাই নওয়াজ শরিফের রাষ্ট্র পরিচালনার প্রশংসাও করেন তিনি। এ সময় দুঃখ প্রকাশ করে শাহবাজ শরিফ বলেন, লোডশেডিংয়ের অবসান, বিলিয়ন বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) স্থাপন এবং বিদ্যুৎ ও সড়ক অবকাঠামো প্রকল্প নির্মাণ করার পরও নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হয়।

তিনি বলেন, পিএমএল-এন নেতৃত্ব ও বিরোধীদের নিয়ে ইমরান খান ভীত ছিলেন। তিনি ভুয়া মামলা দিয়ে তাদের জেলে ঢোকাতে ব্যস্ত ছিলেন। পিএমএল-এন সরকারের নেওয়া ‘বৈপ্লবিক পদক্ষেপগুলো’ মেনে নিতে পারেননি পিটিআইয়ের প্রধান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore