Tuesday 10 March, 2026

For Advertisement

রাশিয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধ

28 February, 2022 10:41:26

রাশিয়ার জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন এই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর বহু যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর বিবিসি।

রাশিয়ান মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত এবং রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত যেকোনো ধরনের বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন উরসুলা ফন।

এখন থেকে এমন সব বিমান, এমনকি ধনীদের ব্যক্তি মালিকানাধীন জেট ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে অবতরণ, উড্ডয়ন এবং সে দেশগুলোর আকাশসীমার ওপর দিয়ে উড়েও যেতে পারবে না।

একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

নিষেধাজ্ঞা ঘোষণার পর ইউরোপীয় দেশগুলো একের পর এক রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করছে। জার্মানি তিন মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে।

এদিকে ইইউ’র এমন ঘোষণায় প্রতিশোধমূলক সিদ্ধান্ত হিসেবে রাশিয়ার সবচেয়ে বড় বিমানসংস্থা এরোফ্লোট বলেছে, তারাও ইউরোপগামী সকল ফ্লাইট বাতিল করবে।

দোমোদেদোভো এবং শেরেমেতইয়েভো- মস্কোর এই দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সম্পর্কিত তথ্য প্রদর্শনকারী বোর্ডে প্যারিস ভিয়েনা ও কালিনগ্রাদগামী সহ কয়েক ডজন ফ্লাইট বাতিল দেখা যাচ্ছে।

ব্রিটিশ বিমানের ওপরেও একই ব্যবস্থা নিয়েছে রাশিয়া।

রাশিয়ার এস-সেভেন এয়ারলাইন্স ১৩ মার্চ পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

মার্কিন বিমান কোম্পানি ডেল্টা এয়ারলাইন্স ফ্লাইট বুকিং-এর জন্য এরোফ্লতের সাথে তাদের যে চুক্তি রয়েছে, সেটি বাতিল করবে বলে জানিয়েছে।

ব্রিটিশ কোম্পানি ভার্জিন আটলান্টিক বলেছে, রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে না পারলে তাদের যুক্তরাজ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচলকারী বিমানের যাত্রার সময় ১৫ মিনিট থেকে এক ঘণ্টার মতো বাড়বে।

অস্ট্রেলিয়ান কোম্পানি কান্তাস বলছে, ডারউইন থেকে লন্ডনগামী ফ্লাইট চলাচল তারা রাশিয়ার আকাশসীমা এড়িয়ে অপেক্ষাকৃত দীর্ঘ পথ ব্যাবহার করবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট আরও বলেছেন, ইইউ রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্পুটনিক এবং রাশিয়া টুডে’র ওপরও নিষেধাজ্ঞা জারি করবে। এ দুটি সংবাদসংস্থাকে রাশিয়ার মুখপত্র হিসেবে মনে করা হয়।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
  • সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
  • সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
  • নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore