For Advertisement
ওআইসির শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেল তালেবান সরকার
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকার। আফগানিস্তানের তোলো নিউজ এজেন্সি ও বার্তা সংস্থা মেহের মঙ্গলবার এ খবর দিয়েছে।
আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসি’র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সৌদি আরব, ইন্দোনেশিয়া, মিশর, কাতার, ইরান, মালয়েশিয়া ও বাংলাদেশসহ ৫৭টি মুসলিম দেশগুলোর শীর্ষ নেতাদের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলোকে আসন্ন সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোমবার পাকিস্তানের পক্ষ থেকে তালেবান সরকারকে আমন্ত্রণ জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ শাহিন বলেছেন, ওআইসি’র আসন্ন শীর্ষ সম্মেলনে অন্যান্য আলোচ্যসূচির সঙ্গে আফগানিস্তানের অর্থনীতি, দেশটির আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থা, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তালেবানের সরকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। জাতিসংঘ সম্প্রতি তালেবানের পক্ষ থেকে ওই বিশ্ব সংস্থায় একজন প্রতিনিধি নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান সরকার আফগানিস্তানের তালেবানকে সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে। ওআইসি’র ইসলামাবাদ শীর্ষ সম্মেলনে তালেবানের সম্ভাব্য অংশগ্রহণ এই গোষ্ঠীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের পথে এক ধাপ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore