For Advertisement
ধানমন্ডিতে ১১টি স্থাপনার বর্ধিতাংশ উচ্ছেদ
রাজধানী ধানমন্ডি এলাকায় ১১টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে ছিল ডেভেলোপার্স প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের স্থাপনাও।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করে এসব অবৈধ অংশ উচ্ছেদ করে নগর কর্তৃপক্ষ।
করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মুনিরুজ্জামান ও নির্বাহী হাকিম তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১৫/এ সড়কে আমিন মোহাম্মদের ফাউন্ডেশন লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনাসহ মোট ৯টি স্থাপনার অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ৪৭ নম্বর হোল্ডিং এ আকাশ ডেভেলপমেন্ট লিমিটেডের একটি নির্মাণাধীন স্থাপনার অবৈধ বর্ধিতাংশের বহুলাংশ ভেঙ্গে ফেলার পর আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠানটি আগামী তিন দিনের মধ্যে এবং ৪৯ নম্বর হোল্ডিংয়ের ‘স্পেস লেক ক্যাসল’ নামক বাড়ীটির অবৈধ বর্ধিতাংশ আগামী সাত দিনের মধ্যে ভেঙ্গে ফেলার লিখিত প্রতিশ্রুতি দিলে তাদেরকে বর্ণিত সেই সময় বেঁধে দেওয়া হয়।
নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ধানমন্ডি লেকের পরিবেশগত উন্নয়ন ও জনগণের হাঁটার পথ (ওয়াক-ওয়ে) নির্মাণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের বিষয়ে দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘ধানমন্ডি লেকের ৩২/এ থেকে ২৭ নম্বরের সাম্পান পর্যন্ত ওয়াক-ওয়ে নির্মাণের লক্ষ্যে আজ আমরা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করেছি। অভিযানে অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদের ফলে এখন ওয়াক-ওয়ে নির্মাণের পথ দৃশ্যমান।’
অভিযানকালে অন্যদের মধ্যে করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন, অঞ্চল-১ এর আঞ্চলিক প্রকৌশলী মিথুন চন্দ্র শীল উপস্থিত ছিলেন।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore