ইউক্রেনের ভোজনেস্কে অস্ত্রের গুদাম ধ্বংস
ইউক্রেনের মাইকোলিভ প্রদেশের ভোজনেস্ক শহরে বিপুল অস্ত্র মজুদ রাখা একটি গুদাম ধ্বংস করেছে রাশিয়া। এমনিতে পণ্যের গুদাম ছিল সেটি। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র মজুত করেছিল ইউক্রেন। রুশ সেনাবাহিনীর গোলায় গুদামটি ধ্বংস হয়ে গেছে।
ভোজনেস্ক শহরের মেয়রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ইউক্রেনের গণমাধ্যম ইউক্রেন টুয়েন্টিফোর।
তবে রাশিয়ার এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছে কি না এ বিষয়টি এখনো কেউ নিশ্চিত করতে পারেননি মেয়র।
মাইকোলিভ প্রদেশটি খেরসন প্রদেশের পাশে। ইউক্রেনের সামরিক অভিযানের পর একমাত্র খেরসন প্রদেশের পুরো নিয়ন্ত্রণ নিতে পেরেছে রুশ বাহিনী।
খেরসনের পর এখন মারিউপোলের দখল নেওয়ার কাছাকাছি আছে রুম বাহিনী। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানান, যেকোনো সময় রুশ সেনাদের হাতে মারিউপোলের পতন হবে।
এ ছাড়া আর বড় কোনো সাফল্য নেই রুশ অভিযানের। তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ অভিমুখে বহর নিয়ে এগোলেও ইউক্রেনীয়দের প্রতিরোধের মুখে অগ্রযাত্রা থমকে আছে।
এর আগে গত ১৩ মার্চ পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে বিমান হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বাইরে এই সামরিক প্রশিক্ষণকেন্দ্রটি অবস্থিত। এখানে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেন সেনাদের প্রশিক্ষণ দিতেন।
গত সপ্তাহে রাশিয়া যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছিল, তারা যেন ইউক্রেনে কোনো অস্ত্র ও গোলাবারুদ না পাঠায়। বাইরে থেকে আসা অস্ত্রের বহরের ওপর হামলা করবে রুশ বাহিনী।
রাশিয়ার এই হুমকির মধ্যেই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে। এমনকি গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১০০ কোটি ডলারের অস্ত্র ইউক্রেনে পাঠানো কথা ঘোষণা করেছেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে ইউক্রেনে। আজ (১৮ মার্চ) তার ২৩তম দিন চলছে। সূত্র: বিবিসি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: