ভবানীপুর উপনির্বাচনে প্রার্থী হিসেবে মমতার নাম ঘোষণা
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর আসনে প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে ভবানীপুর সহ জঙ্গিপুর ও সামসেরগঞ্জের বিধানসভা ভোটেরও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। খবর আনন্দবাজারের।
এদিন সকলের আগ্রহ ছিল ভবানীপুরকে ঘিরেই। ২১ মে শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুর বিধানসভা আসন থেকে পদত্যাগের পরই স্পষ্ট হয়েছিল যে এই কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হবেন মমতাই।
গতকাল (শনিবার) নির্বাচন কমিশন ভবানীপুর উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর মমতার ওই আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা। তবে তৃণমূল নেত্রীর নাম ঘোষণার আগেই ভবানীপুরে অতি উৎসাহী তৃণমূলের নেতা-কর্মীরা দেওয়াল লিখন থেকে শুরু করে হোর্ডিং, ব্যানার লাগানোর কাজ শুরু করে দেন। ২০১১ সালের এই সেপ্টেম্বর মাসেই উপনির্বাচনে জিতে প্রথমবার বিধায়ক হয়েছিলেন মমতা। সঙ্গে মুখ্যমন্ত্রী পদে বসার শর্তও পালন করেছিলেন তিনি।
ভবানীপুর ছাড়াও রবিবার তৃণমূল জঙ্গিপুর আসনে সাবেক মন্ত্রী জাকির হোসেন ও সামসেরগঞ্জে আমিরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এই দুই আসনেই প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট হয়নি। ওই আসনে জাকির ও আমিরুলকেই প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু প্রথমে প্রার্থীদের মৃত্যুর কারণে নির্দিষ্ট সময় ভোট হয়নি। পরে করোনা সংক্রমণ বৃদ্ধি হওয়ায় বিকল্প ভোটের দিন ঘোষণা করেও তা বাতিল করেছিল নির্বাচন কমিশন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: